
মোতালেব হোসেন(কুমিল্লা ব্যুরো)।।
কুমিল্লার চৌদ্দগ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লেসহ একটি যানবাহন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ডিসপ্লের আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর শিবেরবাজার বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। চৌদ্দগ্রাম উপজেলার চৌয়ারা এলাকায় সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এসব মালামাল আটক করা হয়।
শনিবার (২১ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লেসহ একটি যানবাহন আটক করা হয়।
আটক করা মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।




























