
সরকারি রাজস্ব ফাঁকি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশিত সংবাদে গাজীপুরের হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিব’-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছিল। ওই সংবাদ প্রকাশের পর দুই সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয় বলে সংশ্লিষ্টদের দাবি। তাঁদের অভিযোগ, সংবাদ প্রকাশের কারণে প্রতিশোধমূলকভাবে মামলাটি করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিক নেতারা মনে করছেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
মামলার শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আদালতে দুই সম্পাদকের পক্ষে আইনি লড়াই করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান ও অ্যাডভোকেট মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে কেউ মামলা করতেই পারেন। তবে তদন্ত ছাড়াই সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা কতটা আইনসিদ্ধ, সে প্রশ্ন রাখতে চাই।
তিনি আরও বলেন, সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাবে।
জামিন পাওয়ার পর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বলেন, “সাংবাদিকদের কলম ও অনুসন্ধানী দৃষ্টি থামিয়ে দিতেই এ ধরনের বানোয়াট ও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে আমরা মনে করি। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। মিথ্যা মামলা কিংবা হুমকি-ধমকি দিয়ে সত্যের অগ্রযাত্রা থামানো যাবে না।






































