
স্টাফ রিপোর্টার :অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সশস্ত্রবাহিনী বোর্ড, ঢাকা কাকরাইলে কর্মরত ও অবসরপ্রাপ্ত সৈনিকদের বিভিন্ন যৌক্তিক সমস্যা ও কল্যাণমূলক দাবি নিয়ে বাংলাদেশ সশস্ত্রবাহিনী বোর্ডের সচিব মেজর আরেফীনের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সৈনিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দীর্ঘদিনের বঞ্চনা দূরীকরণে ৫টি সুনির্দিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় প্রধান দাবিগুলোর মধ্যে ছিল—বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে সৈনিকদের রেশন ভাতা বৃদ্ধি করা অথবা পূর্বের ন্যায় পুনরায় পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালু করা। এছাড়া সশস্ত্রবাহিনীর দীর্ঘদিনের দাবি ‘ওয়ান র্যাংক ওয়ান পে’ নীতি অতি দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয়। সভায় উত্থাপিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে—যেকোনো পদমর্যাদার সৈনিকের মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান হিসেবে ‘গার্ড অব অনার’ প্রদানের স্থায়ী ব্যবস্থা করা, সৈনিকদের পরিবারের সদস্যদের জন্য সামরিক সকল হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও দুষ্কৃতকারী কর্তৃক সশস্ত্রবাহিনীর সদস্যদের হেনস্থা ও লাঞ্ছিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আলোচনা শেষে সশস্ত্রবাহিনী বোর্ডের সচিব মেজর আরেফীন সৈনিকদের কল্যাণে উত্থাপিত এই দাবিগুলোকে অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেন। তিনি আশ্বস্ত করেন যে, এই বিষয়গুলো নিয়ে মাননীয় সচিব মহোদয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে কাজ করছেন এবং সৈনিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।




























