
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালানো হয়। এতে রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমানসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে রাতেই মহানগরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে হামলায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) এবং ইয়াসিন (২৬)। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু জায়গায় আসামিদের গ্রেফতারের ঘটনাকে ভারতের 'আসাম রাজ্যে অভিযান' বলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ আনিছ ও শিমলা আক্তার নামের দুই মাদক কারবারিকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায় রেলওয়ে পুলিশ। এই খবর পেয়ে সন্ধ্যায় একদল মাদক কারবারি রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে অতর্কিত হামলা চালায়। তারা ফাঁড়ির ভেতরে ভাঙচুর করে এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর উপর্যুপরি আঘাত করে আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়েছে। সদর থানা ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে গাজীপুরের স্থানীয় এলাকা থেকেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কোনো বিদেশি রাষ্ট্রে অভিযান চালানো হয়নি। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, এই বর্বরোচিত হামলার ঘটনায় আজ শুক্রবার সকালে মাদক নিয়ন্ত্রণ আইন এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




























