
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার কেজি গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে সদর উপজেলার ধর্মগঞ্জের গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা-পুলিশ জানায়, আসমা বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশের ভাষ্য, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।




























