
মোক্তার হোসেন গোলাপ, হাওর অঞ্চল
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীরের নির্মম হত্যাকাণ্ডের বিচার এবং দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মাঠে নেমেছেন তাঁর সহধর্মিণী তাসলিমা আক্তার।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মিঠামইনে এক সংবাদ সম্মেলন ও বিকেলে সুবিশাল গণমিছিলের আয়োজন করা হয়।
বিকালে মিঠামইন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ গণমিছিল বের হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ সমর্থকসহ প্রায় ৫ হাজার মানুষ অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলে অংশগ্রহণকারীরা শহীদ জাহিদুল আলম জাহাঙ্গীরের অবদানের কথা স্মরণ করে ক্ষোভ প্রকাশ করেন। এসময় নেতা-কর্মীরা বলেন, জাহিদুল আলম জাহাঙ্গীর আমাদের নেতা, আমাদের অহংকার। তাঁকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
গণমিছিলে সরাসরি অংশ নেন নিহত জাহাঙ্গীর স্ত্রী তাসলিমা আক্তার। এর আগে দুপুরে তিনি নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি স্বামী হত্যার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জোর দাবি জানান।
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী এবং ভক্তরা যথাসময়ে উপস্থিত হয়ে এই কর্মসূচি সফল করেন এবং জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




























