
নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে রামদা, চাপাতি, ছুরিসহ ছয়টি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দরের সোনাচড়া এলাকার চোক্কা ওরফে খোকন (৩৬) এবং রামনগর এলাকার পারভেজ (২৮) ও মঞ্জুর (৫০)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে কাঠের বাটযুক্ত একটি লোহার রামদা, প্লাস্টিকের বাটযুক্ত একটি ছুরি, একটি চাপাতি, কালো কস্টেপে মোড়ানো একটি ছুরি, হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত দুটি ছুরি এবং একটি তার কাটার প্লাস।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার খোকন ওরফে চোক্কার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা চলমান রয়েছে এবং তাঁর বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতির মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলাসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।




























