
স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিলে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে ওত পেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের নৃশংস হামলার শিকার হয়েছেন এক নারী। সর্বস্ব লুটে নেওয়ার পর তাঁকে খালে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তিনি চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শুক্রবার (২৩ অক্টোবর) ভুক্তভোগী নিজে থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চাটখিলের হালিমা দিঘীরপাড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পাঁচগাঁও ইউনিয়নের বারইপাড়া (পাঠান বাড়ী) এলাকার বাসিন্দা, প্রয়াত কামাল হোসেনের স্ত্রী মোছাম্মৎ রাবেয়া খাতুন (৫৮)। চাটখিল বাজারে আসার উদ্দেশ্যে তিনি হালিমার দীঘির পাড় থেকে একটি সিএনজিতে ওঠেন। তিনি তখন জানতেন না, গাড়িটিতে চালকসহ আগে থেকেই যাত্রীর ছদ্মবেশে বসে আছে একদল ছিনতাইকারী।
গাড়িটি মারকাজ মসজিদের সামনে পৌঁছামাত্রই শুরু হয় আক্রমণ। চড়-থাপ্পড়, কিল-ঘুষিতে রাবেয়া খাতুনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে তাঁর চোখ-মুখ চেপে ধরে শ্বাসরোধের চেষ্টাও চালায় হামলাকারীরা।
জোর করে তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের আংটি, ৭ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, নগদ ১০ হাজার টাকা এবং আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের একটি রিয়েলমি মোবাইল সেটসহ অন্যান্য মালামাল।
লুটপাট শেষে চলন্ত সিএনজিটি উল্টো দিকে ঘুরিয়ে কাচারি বাজারের পাশের খালে রাবেয়া খাতুনকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাঁর পরিবারকে খবর দেন এবং তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে চাটখিল ও আশপাশের এলাকায় সিএনজি ও মোটরসাইকেলযোগে যাত্রী সেজে কিংবা পথরোধ করে একের পর এক ছিনতাই ও হামলার ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন বলেন, "গত কয়েক দিনে সিএনজিচালিত অটোরিকশায় এ ধরনের ছিনতাই ও হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এখন সিএনজিতে চলাচল করতে চরম ভয় পাচ্ছেন। সংঘবদ্ধ এই চক্র একে একে সাধারণ মানুষকে টার্গেট করছে, যা এলাকার আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি।" তিনি অবিলম্বে সড়কগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশি টহল বাড়ানোর জোর দাবি জানান।
ভুক্তভোগীর মেয়ে রিফাত সুলতানা বলেন, "মায়ের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা ভাবলেই শিউরে উঠি। ছিনতাইকারীরা শুধু মালামাল নিয়েই ক্ষান্ত হয়নি, মাকে গাড়ি থেকে খালে ফেলে হত্যার চেষ্টা করেছে। টাকা-গয়নার চেয়েও বড় ক্ষতি মায়ের জীবনের নিরাপত্তা আর এই মানসিক আঘাত।" তিনি জড়িত মূল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, "ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। সিএনজি চালক ও যাত্রীবেশী ছিনতাইকারী চক্রকে শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত আছে।"




























