
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদানগরের রামচন্দ্রপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিবাগত রাতে রামচন্দ্রপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সমীর সাহার সভাপতিত্বে এবং বাবু গৌতম আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা গোলাম মহিউদ্দিন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রাজিয়া সুলতানা, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য নারায়ণ সরকার, দারোরা দিনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ কে এম কায়েস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সামাদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান প্রমুখ।
বিকেল গড়াতেই মুরাদনগর, বাঙ্গরা, নবীনগর, বাঞ্ছারামপুর ও হোমনা উপজেলা থেকে আসা প্রায় ৩২টি পূজা মণ্ডপের প্রতিমা রামচন্দ্রপুরে সারিবদ্ধভাবে একসঙ্গে স্থাপন করা হয়। সেখানে ভক্তরা সমবেত হয়ে পূজা-অর্চনা ও প্রার্থনায় অংশ নেন। বিসর্জনের পূর্বে সবচেয়ে সুন্দর প্রতিমার জন্য তিনটি মণ্ডপকে পুরস্কৃত করা হয়। পরবর্তীতে ভোররাতে তিতাস নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় ঐতিহ্যবাহী এই বিজয়া দশমী।




























