
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে ধর্মীয় রীতি ও আনুষ্ঠানিকতা মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কয়েক দিনের আনন্দ-উৎসব শেষে দেবী দুর্গাকে বিদায় জানাতে গিয়ে ভক্তদের মধ্যে বিরাজ করে আনন্দ-বেদনার মিশ্র অনুভূতি।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. তানভীর উদ্দিন আরিফ (এমবিএ)। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তানভীর উদ্দিন আরিফ পরৈকোড়া ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে নিজস্ব তহবিল থেকে শাড়ি, লুঙ্গি ও আর্থিক সহায়তা বিতরণ করেন। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মণ্ডপগুলো ঘুরে দেখার পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
তানভীর উদ্দিন আরিফ বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একটি আধুনিক, বৈষম্যহীন ও সুন্দর পরৈকোড়া ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থনে নির্বাচিত হলে সব শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের প্রতিটি নাগরিকের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমার পথচলার অনুপ্রেরণা।’
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদ্যাপন কমিটির নেতারা, তানভীর উদ্দিন আরিফের কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার ১১টি ইউনিয়নের ১১২টি পূজামণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা উপজেলা শাখার সদস্যসচিব রাহুল ধর বলেন, ‘সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আমাদের দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘নিরাপত্তার মধ্য দিয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে পুলিশের বিভিন্ন দল ও সদস্যরা দায়িত্ব পালন করেছেন। আমিসহ পুলিশের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম অব্যাহত রেখেছি।’
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব। আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের প্রত্যাশা নিয়ে মণ্ডপ ছাড়েন ভক্তরা।




























