
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গোলজার হোসেনের নির্বাচনী সভা ও গণসংযোগে লোকসমাগম হচ্ছে। শনিবার বড়ালু বাজার মাঠে তাঁর নির্বাচনী সভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। এর আগে শুক্রবার কামশাইর এলাকায় এবং নগরপাড়া বালুর মাঠেও নির্বাচনী সভা করেন তিনি।
নির্বাচন সামনে রেখে গোলজার হোসেন ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভা করছেন। তাঁর প্রচার-প্রচারণায় নারী ও পুরুষ ভোটারদের অংশগ্রহণ দেখা যাচ্ছে বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন।
কামশাইর এলাকার আমেনা বেগম বলেন, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন—এমন একজন জনপ্রতিনিধি চান তাঁরা। গোলজার হোসেন মানুষের পাশে থাকেন বলে তাঁকে ভোট দিতে আগ্রহী তিনি।
বড়ালু এলাকার তরুণ উদ্যোক্তা রাশেদুল ইসলাম বলেন, গোলজার হোসেন একজন শিক্ষিত ও আইন পেশায় নিয়োজিত ব্যক্তি। কায়েতপাড়াকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে আশা করেন রাশেদুল।
তালাশকুর গ্রামের সোবহান মিয়া বলেন, গোলজার হোসেনের প্রচারণায় মানুষের উপস্থিতি দেখে তাঁর মনে হচ্ছে, এলাকার মানুষ পরিবর্তন চান।
নির্বাচনী সভায় গোলজার হোসেন বলেন, কায়েতপাড়ার মানুষ তাঁর পরিবারের সদস্য। তাঁদের সেবা করার সুযোগ চান তিনি। নির্বাচিত হলে ইউনিয়নকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত করে আধুনিক স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা, অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন এবং ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান তাঁর অগ্রাধিকার থাকবে। কোনো অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।




























