
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ুবিষয়ক দায়িত্বশীল সাংবাদিকতা উৎসাহিত করার লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংলাপের আয়োজন করেন সামাজিক উন্নয়নমূলক সংস্থা ভয়েস( VOICE)
শনিবার (২৫ অক্টোবর) পত্নীতলা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ‘Climate Change and the Role of Media: A Dialogue with Local Journalists’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে । ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় সাংবাদিকদের করণীয়’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও তা মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. ফরহাদ হোসেন, আতোয়ার রহমান, মাসুদ রানা, ইখতিয়ার উদ্দিন আজাদ, আলমগীর কবির, মামুনুর হোসেন, পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার শীল, বিএসডিও সংস্থার সমন্বয়কারী আতাউর রহমান,ভয়েস এর নির্বাহী পরিচালক মো. মামুনুর রেজা (স্বাধীন), ওয়াটার অ্যান্ড ক্লাইমেটের কো-অর্ডিনেটর ইয়ামালিখ আব্দুল্লাহ, ভয়েস এর সাব্বির রহমান প্রমূখ।
বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যতম খরাপ্রবণ এলাকা। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ, পানির সংকট, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং কৃষি ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এ অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এসব সংকটের বাস্তব চিত্র তুলে ধরা, ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা সামনে আনা এবং সম্ভাব্য সমাধান নিয়ে জনমত তৈরিতে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংলাপে জলবায়ু পরিবর্তনের প্রাথমিক ধারণা, নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলের জলবায়ুজনিত ঝুঁকি এবং এর স্থানীয় প্রভাব নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি তথ্যভিত্তিক সংবাদ ও প্রতিবেদন তৈরি, অনুসন্ধানী সাংবাদিকতা, ফিচার রচনা এবং জনসচেতনতামূলক লেখালেখির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে কার্যকরভাবে তুলে ধরার কৌশল নিয়ে মতবিনিময় করবেন অংশগ্রহণকারী সাংবাদিকেরা।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের মধ্যে জলবায়ুবিষয়ক জ্ঞান ও আগ্রহ বাড়বে। একই সঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমে জলবায়ু সংকট, এর প্রভাব এবং সম্ভাব্য সমাধানের বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে উঠে আসবে। এর ফলে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় সমস্যার সমাধানে জনমত গঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার হবে।
VOICE মনে করে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারণী উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা, জনসম্পৃক্ততা ও সম্মিলিত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা জলবায়ু সংকটের বাস্তবতা তুলে ধরার পাশাপাশি মানুষকে সচেতন করতে এবং কার্যকর উদ্যোগ গ্রহণের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।




























