
মোঃ ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি টিনশেড বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনটি ভাড়াটিয়া পরিবারের নগদ টাকা, আসবাবপত্র ও ঘরের অবকাঠামোসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের খালেকের দোকানসংলগ্ন মরহুম খোন্দকার জয়নাল আবেদিনের (খোন্দকার ম্যানশন) বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো টিনশেড ঘরটি ভস্মীভূত হয়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। ওই ঘরে তিনটি পরিবার ভাড়ায় বসবাস করত।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
বাড়ির মালিকের বড় ছেলে হানিফ খোন্দকার পলাশ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে তিনটি ভাড়াটিয়া পরিবারের নগদ অর্থ, প্রয়োজনীয় আসবাবপত্র ও ঘরের অবকাঠামো পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এ অগ্নিকাণ্ডে পরিবার তিনটি চরম দুর্ভোগে পড়েছে।




























