
মোতালেব হোসেন(কুমিল্লা)।।
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে কর্মস্থলে দায়িত্ব পালন না করেও দীর্ঘদিন ধরে বেতন-ভাতা নিচ্ছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অন্তত আট সদস্য। তাঁদের অনুপস্থিত থাকা সত্ত্বেও হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে বেতনের পাশাপাশি টিএ/ডিএ ও ওভারটাইম বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। এ অনিয়মের সঙ্গে বাহিনীর বর্তমান ও সাবেক দুই চিফ ইন্সপেক্টরসহ কয়েকজন সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লাকসাম রেলওয়ে জংশনের সাবেক চিফ ইন্সপেক্টর নুর মোহাম্মদ এবং বর্তমান চিফ ইন্সপেক্টর সালাহউদ্দিন ভূইয়ার দায়িত্ব পালনকালে এ অনিয়ম চলে আসছে। এ ছাড়া হাবিলদার মামুন খান চৌধুরী ও কম্পিউটার অপারেটর কনস্টেবল মামুনের বিরুদ্ধেও অফিসে বসে টিএ/ডিএ বিল উত্তোলনের অভিযোগ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, দেশের অন্যতম বৃহৎ রেলওয়ে জংশন লাকসাম। বিশাল এলাকাজুড়ে থাকা এ জংশনে রয়েছে শত শত রেলওয়ে আবাসিক ভবন, বিভিন্ন স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, লোকশেড, ইয়ার্ড এবং পরিত্যক্ত রেলওয়ে বগি। প্রতিদিন এ জংশন দিয়ে ঢাকা-চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী ও চাঁদপুর রুটে প্রায় ৩০টি মেইল, আন্তনগর ও এক্সপ্রেস ট্রেন চলাচল করে। এসব ট্রেনে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এ স্থাপনা ও রেলওয়ের সম্পত্তি রক্ষায় দায়িত্ব পালন করছেন নিরাপত্তা বাহিনীর ২৮ সদস্য।
তবে অভিযোগ রয়েছে, তাঁদের মধ্যে আটজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। অভিযোগে যাঁদের নাম এসেছে, তাঁরা হলেন মাসুদ পারভেজ, ফারুক, কাউসার, ফরিদ, আশ্রাফুল, মামুন, সাইফুল ও বায়েজিদ। এ ছাড়া চিফ ইন্সপেক্টরের অধীনে দায়িত্ব পালন করা কামরুল হাসানকে চাঁদপুরে এবং সোহরাব হোসেনকে চট্টগ্রামের রেলওয়ের প্রধান কার্যালয়ে (সিআরবি) বদলি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, কর্মস্থলে অনুপস্থিত সদস্যদের হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে তাঁদের নামে ওভারটাইম এবং টিএ/ডিএ বিল তৈরি করা হয়। পরে মাস শেষে মূল বেতনের একটি অংশসহ এসব বিলের টাকা সংশ্লিষ্ট কয়েকজনের মধ্যে ভাগাভাগি হয়। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো নথি বা আর্থিক হিসাব পাওয়া যায়নি।
এ ছাড়া লাকসাম রেলওয়ে জংশনের বিভিন্ন শ্রেণির হকার এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাওটি, নাঙ্গলকোট, নোয়াখালীর নাথেরপেটুয়া ও চৌমুহনী এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে হাবিলদার মামুন খান চৌধুরীর বিরুদ্ধে।
তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কার এলাকায় দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় রেলওয়ের মালিকানাধীন পাথর অবৈধভাবে বিক্রির সঙ্গে তিনি জড়িত ছিলেন। ওই সময়ে কোটি কোটি ঘনফুট পাথর অবৈধভাবে সরিয়ে নেওয়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্ট সূত্র। এতে রেলওয়ে বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে বলে দাবি করা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথি ও স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করা প্রয়োজন।
নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল একটি সূত্র আরও দাবি করেছে, হাবিলদার মামুন খান চৌধুরী কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও একাধিকবারের উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরীর নিকটাত্মীয়। অবৈধ আর্থিক সুবিধা ও হকারদের কাছ থেকে অর্থ আদায়ের মাধ্যমে তিনি এলাকায় জমি এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকায় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব সম্পদের উৎস সম্পর্কে কোনো প্রামাণ্য তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, চলতি বছরের ৮ আগস্ট বদলিজনিত কারণে সাবেক চিফ ইন্সপেক্টর নুর মোহাম্মদ ঢাকায় চলে যান। একই দিন লাকসাম জংশনে নতুন চিফ ইন্সপেক্টর হিসেবে যোগ দেন সালাহউদ্দিন ভূইয়া।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাকসাম রেলওয়ে জংশনের বর্তমান চিফ ইন্সপেক্টর সালাহউদ্দিন ভূইয়া বলেন, ‘আমি অল্প কিছুদিন হলো লাকসামে যোগদান করেছি। আবার ছুটিও নিয়েছি। এখনো পুরোপুরি দায়িত্ব বুঝে নিতে পারিনি। আমাকে কিছুদিন সময় দেন। ১৫ থেকে ২০ দিনের মধ্যে সবকিছু ওভারকাম করে ফেলব।’
দীর্ঘদিন ধরে চলা এসব অভিযোগের বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি, হাজিরা খাতা, বেতন-ভাতা, টিএ/ডিএ ও ওভারটাইম বিলের হিসাব নিরীক্ষা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




























