
মিঠামইন প্রতিনিধি
আসন্ন ঘাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন।
তিনি ‘উন্নয়ন ও সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শুরু করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মোহাম্মদ উজ্জ্বল হোসাইন ঘাগড়া ইউনিয়নে পল্লী চিকিৎসক হিসেবে বিনা পারিশ্রমিকে গরীব-দুঃখী মানুষের সেবা করে আসছেন। করোনাকালীন সময়েও তিনি এলাকার মানুষের পাশে ছিলেন। সেই সুনামকে পুঁজি করেই এবার তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রার্থিতা ঘোষণার সময় মোহাম্মদ উজ্জ্বল হোসাইন বলেন,
ঘাগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও যুব সমাজের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ ঘাগড়া ইউনিয়ন গড়ে তুলব। দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চাই।”
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে তার অন্যতম অঙ্গীকার।
ইতোমধ্যে তার প্রচারণা ঘাগড়া ইউনিয়নের হাওরপাড়ের গ্রামগুলোতে বেশ সাড়া ফেলেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।
ঘাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাঠে সক্রিয় প্রচারণার দিক থেকে মোহাম্মদ উজ্জ্বল হোসাইন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।




























