
বিশেষ প্রতিনিধি-:
চট্টগ্রামের বোয়ালখালীর লোকসাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ এবং ঐতিহ্যবাহী লোকসাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভাকাঙ্ক্ষী, অক্টাপ্যাড বাদক শিল্পী শিমুল আচার্য্যের পিতা শ্রী সুবল আচার্য্য (৭৬) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রয়াত শ্রী সুবল আচার্য্যের স্থায়ী নিবাস চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের বায়েজিদ এলাকার হরিপুরস্থ রশিক আচার্য্য ঠাকুরবাড়ি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই পুত্রবধূ ও দুই নাতিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বর্তমান ঠিকানা বোয়ালখালীর পশ্চিম শাকপুরায় বেতারশিল্পী লক্ষ্মীপদ আচার্য্যের বাড়ি।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বোয়ালখালীর ঐতিহ্যবাহী লোকসাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
এক শোকবার্তায় সংগঠনের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢোলবাদক ও লোকশিল্পী বাবুল জলদাস এবং তাঁর ছেলে সংগঠনের প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক, সাধারণ সম্পাদক, শিল্পী সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস প্রয়াত শ্রী সুবল আচার্য্যের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।
তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য ধারণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে প্রয়াত শ্রী সুবল আচার্য্যের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।




























