
নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় মাঝিদের সহায়তায় যৌথ অভিযানে গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের দল তাৎক্ষণিক ঘটনাস্থলে রওনা হয় এবং দুই মিনিটের মধ্যে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বন্দর ফায়ার স্টেশন ও নদী ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিটসহ মোট তিনটি ইউনিট একযোগে কাজ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িটি নদী থেকে উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিঘাটে ওঠার সময় ব্রেক ফেল করায় প্রাইভেট কারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। গাড়িটি নদীতে ডুবে গেলে স্থানীয় মাঝিরা দ্রুত নৌকা নিয়ে এগিয়ে এসে উদ্ধারকাজে সহায়তা করেন। তাদের সহযোগিতায় ডুবুরিরা গাড়ির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন এবং পরবর্তী সময়ে সেটি টেনে তোলা হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৭-৩২২৪।
উদ্ধারের পর গাড়িটি মালিক মো. মাহামুদ রৌদ্র রহমানের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে গাড়ির চালকের কাছে থাকা একটি স্যামসাং মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স ও এটিএম কার্ডও বুঝিয়ে দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।




























