
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের টানা আন্দোলনকে কেন্দ্র করে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী, ভোগড়া বাইপাস, মৌচাক ও নাওজোড় এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে আসেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, টানা শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের আশঙ্কায় মালিকপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে) গাজীপুরের অন্তত ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে আরও বেশ কিছু কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে কোনো তৃতীয় পক্ষ যেন নাশকতা বা অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
অন্যদিকে, শ্রম অসন্তোষ নিরসন ও শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শ্রমিকদের দাবিগুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট মহল।





































