
মোঃ ইয়াছিন সরকার , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মুরাদনগর সদরস্থ বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্যসচিব মোল্লা মজিবুল হক ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, মুরাদনগরে আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছেন। গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য মাসুম মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন।
এ ছাড়া বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, মির্জা হাশেম, আলাউদ্দিন, ইকবাল,সেচ্ছাসেবক দল নেতা মোঃ বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুরাদনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





































