
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা :
আমন ধান তখনো জমিতে দাঁড়িয়ে, এরই মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে সরিষার বীজ। ধান কাটার পর জমিতে থাকা প্রাকৃতিক আর্দ্রতায় অঙ্কুরিত হচ্ছে বীজ, ধীরে ধীরে বেড়ে উঠছে সরিষার গাছ। নতুন করে হালচাষ কিংবা জমি প্রস্তুতের প্রয়োজন নেই। এতে একদিকে কমছে উৎপাদন খরচ, অন্যদিকে আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে পতিত জমি থেকে মিলছে বাড়তি ফসলের সম্ভাবনা। এমন ব্যতিক্রমী চাষপদ্ধতিতে সরিষা আবাদ করে নতুন আশার আলো দেখছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষকেরা।
উপজেলার বোনারপাড়া, কামালেরপাড়া ও পদুমশহর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে বিনা চাষে সরিষা আবাদ। কৃষকদের মধ্যে এ পদ্ধতি নিয়ে বাড়ছে আগ্রহ। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এ পদ্ধতিতে সরিষা আবাদ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন কৃষক এ চাষপদ্ধতির সঙ্গে যুক্ত হয়েছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমন ধান কাটার তিন থেকে সাত দিন আগে ধানগাছ জমিতে থাকা অবস্থায় সরিষার বীজ ছিটিয়ে দেওয়া হয়। ধান কাটার পর বীজ মাটির সংস্পর্শে এসে অঙ্কুরিত হয়। জমিতে থাকা অবশিষ্ট আর্দ্রতা কাজে লাগিয়ে বেড়ে ওঠে সরিষার গাছ। ফলে প্রচলিত পদ্ধতিতে জমি চাষ ও প্রস্তুতের প্রয়োজন পড়ে না।
কৃষকেরা মূলত বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ জাতের বীজ ব্যবহার করছেন। কম সময়ে, কম খরচে বাড়তি ফসল উৎপাদনের সুযোগ থাকায় পদ্ধতিটি তাঁদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
কৃষকদের ভাষ্য, আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগ পর্যন্ত প্রায় দেড় থেকে দুই মাস অনেক জমি পতিত থাকে। আগে এ সময়ে জমি থেকে বাড়তি কোনো ফসল পাওয়া যেত না। এখন আমন ধান কাটার আগেই সরিষার বীজ ছিটিয়ে দেওয়ায় জমির অব্যবহৃত সময়কে কাজে লাগানো সম্ভব হচ্ছে।
পদুমশহর ইউনিয়নের কৃষক মাসুদ বলেন, আগে আমন ধান কাটার পর বোরো ধান লাগানোর আগ পর্যন্ত জমি পড়ে থাকত। এখন ধান কাটার আগেই সরিষার বীজ ছিটিয়ে দিচ্ছি। ধান কাটার পর সরিষার গাছ বড় হচ্ছে। আলাদা করে জমি চাষ করতে হচ্ছে না। কম খরচে বাড়তি ফসল পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। পদ্ধতিটি ভালো হওয়ায় আমরা বেশ আনন্দিত।
আরেক কৃষক কফিল বলেন, আগে সরিষা চাষ করতে জমি তৈরি, শ্রমিক ও বাড়তি খরচের প্রয়োজন হতো। এখন বিনা চাষে সরিষা আবাদ করায় খরচ অনেকটাই কমছে। ফলন ও বাজারদর ভালো পেলে এটি আমাদের জন্য লাভজনক হবে। আগামীতে আরও বেশি জমিতে এ পদ্ধতিতে সরিষা চাষ করার ইচ্ছা রয়েছে।
স্থানীয় কৃষি উদ্যোক্তা রফিকুল বলেন, বিনা চাষে সরিষা আবাদ কৃষকদের জন্য সম্ভাবনাময় একটি উদ্যোগ। কম সময়ে ও কম খরচে বাড়তি ফসল উৎপাদন করা সম্ভব হওয়ায় কৃষকদের মধ্যে এ পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে। সঠিক পরামর্শ ও উন্নত জাতের বীজের সরবরাহ নিশ্চিত করা গেলে এ পদ্ধতি আরও সম্প্রসারিত হবে।
সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান বলেন, বিনা চাষে সরিষা আবাদ নতুন কোনো পদ্ধতি নয়, এটি একটি প্রাচীন চাষপদ্ধতি। তবে আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে পতিত জমি কাজে লাগিয়ে বাড়তি ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের এ পদ্ধতিতে সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। চলতি মৌসুমে এ পর্যন্ত উপজেলায় প্রায় ৭ হেক্টর জমিতে এ পদ্ধতিতে সরিষা আবাদ হয়েছে। এতে প্রায় ২০০ কৃষক যুক্ত হয়েছেন। চাষাবাদ কার্যক্রম এখনো চলমান রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আগামীতে আরও বেশি জমিতে এ পদ্ধতিতে সরিষা আবাদ হবে বলে আশা করা হচ্ছে।
কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়কে কাজে লাগিয়ে সরিষা আবাদ করা গেলে বাড়বে শস্য নিবিড়তা। একই জমি থেকে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণেও ভূমিকা রাখতে পারে এ উদ্যোগ। তবে ভালো ফলনের জন্য উপযুক্ত জাত নির্বাচন, সময়মতো বীজ বপন, জমির আর্দ্রতা বজায় রাখা এবং প্রয়োজনীয় পরিচর্যার বিষয়গুলো গুরুত্ব দিতে হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, কৃষকদের নিয়মিত পরামর্শ, উন্নত জাতের বীজ সরবরাহ ও মাঠপর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে সাঘাটায় বিনা চাষে সরিষা আবাদ আরও সম্প্রসারিত হবে। এতে পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের বাড়তি আয় এবং দেশের তেলবীজ উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।






































