
মোঃ রেজাউল আজিম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে কাজ করতে নেমে অক্সিজেন সংকটে নাজমুল হোসেন (১৫) নামে বাঁশখালীর এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধারে ট্যাংকের ভেতরে নেমে আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ কেশুয়া চৌধুরী বাড়ি এলাকায় ডা. নাছিরের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলম মাঝির পাড়ার বাসিন্দা মো. ওসমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন নাজমুল। একপর্যায়ে অক্সিজেনের স্বল্পতায় তিনি ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধারের জন্য পরপর আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তারাও অসুস্থ হয়ে পড়েন।
পরে দীর্ঘ চেষ্টার পর বেলা ১১টার দিকে ড্রিল মেশিন দিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, এ দুর্ঘটনায় ভবন মালিকপক্ষের বিরুদ্ধে অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অল্প বয়সে নাজমুলের এমন মর্মান্তিক মৃত্যুতে বাঁশখালীর পুকুরিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



























