
মনোয়ার হোসেন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে সরদারপাড়া একতা বন্ধন ক্লাব।
শনিবার (২১ নভেম্বর) বিকালে ফুলকোট ঐতিহাসিক খেলার মাঠে সোনালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় ফুলকোট সরদারপাড়া একতা বন্ধন ক্লাব ও ফুলকোট পূর্বপাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাব।
খেলার প্রথমার্ধে তানজিলের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে সরদারপাড়া একতা বন্ধন ক্লাব। দ্বিতীয়ার্ধে মানিকের গোলে ব্যবধান ২-০ হয়। পরে তানজিল নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন। খেলার শেষ পর্যায়ে রকির গোলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করে সরদারপাড়া একতা বন্ধন ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আমরুল ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বিপুল। খেলার উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি মো. আব্দুল খালেক দুলু (মাস্টার)। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক মো. মাহমুদুর মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি মো. মাফুজার রহমান মাপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকোটের বিশিষ্ট ঠিকাদার মো. হাসানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. এনামুল হক, সমাজসেবক মো. হানিফ, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. নিলুফা ইয়াসমিন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. হাফিজুর রহমান।
সার্বিক সহযোগিতায় ছিলেন সোনালী স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম বাবু ও কোষাধ্যক্ষ মো. নাহিমুর রহমান।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।



























