
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আড়াইহাজার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।
অভিযানে ওষুধ ও কসমেটিক আইন-২০২৩ এর বিধান লঙ্ঘনের দায়ে এনামুল হকের মালিকানাধীন মেডিসিন প্লাস ফার্মেসি, জুবায়ের আহমেদের মালিকানাধীন প্রাইম মেডিসিন ফার্মেসি এবং মনির হোসেনের মালিকানাধীন সোনারগাঁ ফার্মেসিকে পৃথক তিন মামলায় ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাসুদ। অভিযানে পুলিশও সহযোগিতা করে।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন দোকান মালিকদের সতর্ক করে দিয়ে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। তিনি জানান, “আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানের খবর ছড়িয়ে পড়লে অনেক ফার্মেসি তাৎক্ষণিকভাবে তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়। ফলে বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।
জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাসুদ জানান, ওষুধ ও কসমেটিক আইন-২০২৩ অনুযায়ী ওষুধের মান, সংরক্ষণ, বিক্রয় এবং লাইসেন্স সংক্রান্ত বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে। ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করবে বলেও তিনি জানান।





























