
বিআরটিসি নারায়ণগঞ্জ বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. আব্দুল কাদের জিলানী ডিপো পরিচালনায় সর্বোচ্চ রাজস্ব অর্জনকারী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। সংস্থার ইতিহাসে এই ডিপো এবার রাজস্ব সংগ্রহে সেরা অবস্থানে উঠে এসেছে।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা ডিপো ম্যানেজারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিপোতে যোগদানের পর মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এ সাফল্য দেখাতে সক্ষম হন। বিআরটিসি সূত্র জানায়, সঠিক নেতৃত্ব, কর্মপরিকল্পনা ও রাজস্ব ফাঁকির পথ বন্ধ করায় ডিপোতে আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি।
এ প্রসঙ্গে মো. আব্দুল কাদের জিলানী বলেন,
“রাজস্ব বৃদ্ধির এ অর্জন আমার একার নয়, এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। কর্মকর্তা থেকে শুরু করে প্রতিটি কর্মচারী আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন বলেই আমরা এ জায়গায় পৌঁছাতে পেরেছি। আমি বিশ্বাস করি, নিষ্ঠা, শৃঙ্খলা ও স্বচ্ছতা থাকলে যেকোনো কাজেই উন্নতি সম্ভব।”
ডিপোর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও ম্যানেজারের এ অর্জনে গর্বিত বোধ করছেন।
তারা বলেন, স্বল্প সময়ে ডিপোর রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে কাদের জিলানী স্যার আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।





























