
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার চানমারি এলাকায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদীর নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা আটককৃতদের বিরুদ্ধে গাঁজা রাখা ও সেবনের অপরাধে ৭ থেকে ১৫ দিনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), মো. বাচ্চু (৫৫), মো. জসীম উদ্দিন (৪০), মামুন(৩০), মো. কাওসার (৩৭), মুনসুর (৫৫), মো. রতন (৩৭), মো. জামাল (৩৮), মো. শিপন (৩৮), আলামিন (৩৭), মো. জুয়েল (৪০), মো. রাজীব (৪০), মো. আকাশ মিয়া (২৪) ও মিজানুর রহমান (৩৩)।
অভিযান প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”





























