
আজিজুল ইসলাম: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবিতে ফুলবাড়ীয়া উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী। মিছিল শেষে স্থানীয় সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার ও ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি ফুলবাড়ীয়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ওমর শরিফ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির প্রধান সমন্বয়কারী মনজুরুল হক মামুন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সমন্বয়কারী সানাউল্লাহ, আনোয়ার হোসেনসহ উপজেলা সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনৈতিক নেতাকর্মীরা দেশব্যাপী দমন-পীড়ন, হামলা ও সন্ত্রাসের রাজনীতি চালিয়ে যাচ্ছে। তারা দাবি করেন, অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এনসিপি নেতারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, যদি হামলাকারীদের বিচারের আওতায় না আনা হয় তবে এনসিপি ফুলবাড়ীয়াসহ সারাদেশে আরও কঠোর কর্মসূচি পালন করবে।





























