
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক কৃষক ও তার মাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
আহতরা হলেন উপজেলার বড়াইবাড়ি (আলমবিদিতর) গ্রামের বাসিন্দা বাবুল মিয়া (৩০) এবং তার মা রেজিয়া বেগম (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বাবুল মিয়ার বসতবাড়ি সংলগ্ন সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মাহিন্দ্রা গাড়িযোগে বিক্রয় করে আসছিল।
বালু পরিবহণের কারণে বাবুল মিয়ার চাষাবাদকৃত ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৩১ জানুয়ারি সকালে বাবুল মিয়া সরকারি রাস্তার পাশে তার তামাক শুকাতে দিলে অভিযুক্তরা এতে বাধা দেয়। বাধার কারণ জানতে চাইলে তারা লাঠিসোঁটা নিয়ে বাবুল মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এ সময় বাবুল মিয়াকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা রেজিয়া বেগমকেও বেধড়ক মারধর করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পুনরায় মারধর, মিথ্যা মামলা দায়ের এবং সুযোগ পেলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।
পরে আহত মা ও ছেলে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে ভুক্তভোগী বাবুল মিয়া গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




























