
বিশেষ প্রতিনিধি গরু চুরির মামলায় ফেনীর দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলাউদ্দিন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় গরু চুরির সঙ্গে সম্পৃক্ত। কিছু দিন আগে তিনি নোয়াখালীতে চোরাই গরুসহ হাতে-নাতে গ্রেফতার হন। সম্প্রতি দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত গরু চুরির ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
আলাউদ্দিন বর্তমানে দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পৌরসভার আলাইয়ারপুর গ্রামের বাসিন্দা।
এদিকে, স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন আলাউদ্দিনের স্ত্রী শিরিন আক্তার।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, আলাউদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও দাগনভূঞা থানায় তিনটি গরু চুরির মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত চোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছেন।




























