
আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।এতে প্রাথমিকভাবে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত তিনটার দিকে বাজারের মিষ্টির দোকান, চায়ের দোকান ও বিচুলি দোকানসহ আটটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তালা ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টিনের ছাউনি ও কাঠের বেড়ার তৈরি দোকানগুলো মুহূর্তের মধ্যেই আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডাঃ মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন।
ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী বলেন, আমার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি পথে বসে গেলাম।
নাইটগার্ড কেরামত শেখ জানান,রাতে ডিউটির সময় উত্তর পাশে কুকুরের ডাক শুনে দেখতে যাই। ফিরে এসে দেখি সুরমানের দোকানের পেছন দিক থেকে আগুনের শিখা উঠছে। আমি চিৎকার দিলে লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ওসি মোঃ মাইনউদ্দিন বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।





























