
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী বাজারে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।
আজ ৩ জুন বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে ঝিনাইগাতী বাজারের ফরিদ স্টোরে শেরপুর পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহযোগিতায় ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পরিচালনায় এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম রাসেল নেতৃত্ব দেন। এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। এসময় ফরিদ স্টোর থেকে আনসার সদস্যবৃন্দের সহযোগিতায় ৬৯ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানের মালিক ফরিদ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।





























