
মোঃ রায়হান মাহামুদ : "নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিমা আফ্রাদ।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি বলেন মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমি সেবা প্রদানের মাধ্যমে জনগণের মাঝে ভূমিসচেতনতা বৃদ্ধি করা।প্রধান অতিথি (ইউএনও) তানিমা আফ্রাদ বলেন ভূমি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সেবা সপ্তাহে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হবে।এ সময় কালিগঞ্জ উপজেলা জাতীয় মহিলা সংস্থা দায়িত্ব কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, কালীগঞ্জ উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





























