
মো.আদর আলী, কিশোরগঞ্জ (নীলফামারী):
নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ২২ (আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব ডালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব ডালিয়া পাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭) ও একই এলাকার খাদেমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০)। এলাকাবাসী সূত্রে জানা যায়, সায়েম বাবু তার চাচাতো ভাই সোহাগ বাবু মিলে বাড়ির পাশে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে যায়। তিস্তা ক্যানেলের পাড় দিয়ে যাওয়ার সময় পথচারী দেখতে পান পানিতে ভাসমান লাশ। তার চিৎকারে বাড়ির লোকজন সহ স্থানীয়রা ছুটে একজনের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক জানতে পারে আরেকজনও পানিতে ডুবে গেছে। তখন কিছু সময় খুঁজাখুঁজির পরে আরেকজনের লাশ উদ্ধার করে। এসময় পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়। সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেড বাবু) পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।





























