
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাটাবিল এলাকার বাসিন্দা নাসরিন আক্তারের জমি বিভিন্ন কৌশলে স্থানীয় ভূমিদস্যুরা জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।
সোমবার (১১ আগস্ট) সকালে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভুক্তভোগী প্রবাসীর পরিবার।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মৃত. নূর হোসেনের স্ত্রী ভুক্তভোগী নাসরিন আক্তার।
লিখিত বক্তব্যে নাসরিন আক্তার জানায়, ২০১২ সালের ১৫ জুন সকালে পরিকল্পিতভাবে লাঠিসোঠা নিয়ে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা চালায় সন্ত্রাসীরা । আশেপাশের লোকজন নিয়ে প্রতিবাদ করায় সম্পত্তি দখল করতে না পেরে জানমালের ক্ষতি করবে এমন হুমকি দেন সন্ত্রাসীরা।
এই ঘটনায় ২০১২ সালের ১৮ই জুন আসলামসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। তখন থেকেই নিয়মিত বিভিন্ন কৌশলে সন্ত্রাসীরা জোর করে এই সম্পত্তি দখল করার পায়তারা করে আসছে। ২০১৭ সালে মামলার রায় ভুক্তভোগীর পক্ষে গেলেও প্রতিপক্ষের ক্ষমতার দাপটে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিজ জায়গা দখলে যেতে পারেনি ভুক্তভোগী।
এই হয়রানি থেকে মুক্তি পেতে অন্তর্বর্তীকালীন সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টা, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় এডভোকেট সোহেল মিয়া, নজরুল ইসলাম, জাহানারা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





























