
মোতালেব হোসেনঃ
কুমিল্লায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে এল.আর.বি পরিবহন ও নুর স্পেশাল পরিবহনকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ (২৬ মে ২০২৫) সকাল ১১:৩০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ড ঢুলি পাড়া এলাকায় দূরপাল্লাগামী পরিবহনগুলোর কাউন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানের সময় এ দুটি পরিবহনকে জরিমানার আওতায় আনা হয়।
অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত ভাড়া (কুমিল্লা থেকে রংপুর ও পঞ্চগড় রুটে নির্ধারিত ভাড়া ১,২৮০ টাকা) যা অমান্য করে প্রতি টিকিট ১,৮০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে। এভাবে প্রতিটি টিকিটে গড়ে ৬০০-৭০০ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছিল।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুইটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া নেতৃত্ব দেন।
অভিযানে আরও সহযোগিতা করেন কুমিল্লা বাস মালিক সমিতি, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
অভিযান শেষে পরিবহন প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে ভবিষ্যতে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। সেইসঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী যাত্রীসেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিদপ্তর।





























