
গোলাম রাব্বি , লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর থানায় অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় লালপুর থানা পুলিশের উদ্যোগে থানার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল এর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ রুহুল আমিন এবং লালপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর থানার এসআই সাজেদুর রহমান, এসআই ওমর ফারুক শিমুল, এসআই আল মাসুম, লালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাজদার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনগণ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ সরাসরি পুলিশ কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেন। পুলিশ কর্মকর্তারা মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস প্রদান করেন।
‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আলোচনা হয়। এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।
এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির পাশাপাশি সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।





























