
গোলাম রাব্বি,লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার গোধরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে যায়।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, নাটোর-পাবনা মহাসড়কের গোধরা ব্রিজ এলাকায় একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উভয় ট্রাকের চালক ও সহকারী—মোট চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ওসি।





























