
শাহিন মিয়া বিশেষ প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনে যুক্ত থাকার পর ২৮ বছর বয়সী তোফায়েলের বিরুদ্ধে মামলা এবং কিশোরগঞ্জে হাজিরা দিতে গিয়ে আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অষ্টগ্রামে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তোফায়েল মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছিলেন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মামলা হয়। কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিতে গেলে তাঁকে আটক করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই কি তোফায়েলের অপরাধ? তাঁর বিরুদ্ধে মামলাটি কে করেছেন? কী অভিযোগে তাঁকে আসামি করা হয়েছে? আর এই মামলার পেছনে কোনো প্রভাবশালী মহলের ভূমিকা রয়েছে কি না?
অন্যদিকে, অষ্টগ্রামে বিএনপির বিভিন্ন গ্রুপের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে তোফায়েলের পক্ষে লেখালেখি করতে দেখা যাচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক মতপার্থক্য ও গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন পক্ষের নেতাকর্মীরা তাঁর পক্ষে অবস্থান নেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বর্তমানে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলেও মাদকবিরোধী অবস্থান নেওয়া একজন যুবকের বিরুদ্ধে মামলার প্রকৃত কারণ কী, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
এখন জনমনে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে—তোফায়েলের বিরুদ্ধে মামলাটি কার অভিযোগে গ্রহণ করা হয়েছে? তৎকালীন ওসি কী কী তথ্য-প্রমাণ যাচাই করে মামলা নিয়েছেন? কোনো প্রভাবশালী ব্যক্তি বা মহলের সুপারিশ কিংবা চাপ ছিল কি না? মাদকবিরোধী প্রতিবাদের সঙ্গে মামলার কোনো যোগসূত্র রয়েছে কি না?
অষ্টগ্রামে মাদক কারবারের সঙ্গে জড়িতদের পেছনে কোনো প্রভাবশালী পৃষ্ঠপোষকতা থাকলে তাঁদের পরিচয়ও তদন্তের মাধ্যমে সামনে আনার দাবি উঠছে।
তবে কাউকে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করা নয়, বরং মামলার এজাহার, অভিযোগের সত্যতা, তদন্তের অগ্রগতি এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরা জরুরি।
এখন অষ্টগ্রামবাসীর প্রত্যাশা—তোফায়েলের বিরুদ্ধে মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন হোক। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে কেউ হয়রানির শিকার হয়ে থাকলে তার বিচার হোক। একই সঙ্গে মাদক কারবারের নেপথ্যে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী থাকলে তাদেরও আইনের আওতায় আনা হোক।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান ,তোফায়েলকে কিশোরগঞ্জ হাজিরা দিতে গিয়ে আটক করা হয়।কিন্তু এ মামলা যখন হয়, আমি অষ্টগ্রাম থানায় ছিলাম না । আমি সবসময়ই মাদকের বিরুদ্ধে কাজ করি ছেলেটা ভালো কাজ করেছে।




























