
মুরাদনগর প্রতিনিধি
"রুখে দিতে ড্রেজার, সকলে মিলে হই সোচ্চার" এই স্লোগানে কৃষি জমি রক্ষায় রাতে সাঁড়াশি অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান এর নির্দেশনায় এ অভিযান চালান তিনি।জানা যায়, রাতের আঁধারে একটি চক্র অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে কামাল্লা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় ও নেয়ামতপুর বিলে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। অভিযানে উভয় এলাকা থেকে ২ টি অবৈধ ড্রেজার ও ২ হাজার ৭০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, অনিয়ন্ত্রিত মাটি কাটার ফলে শুধু কৃষি জমিই নয় বরং কৃষকের জীবিকা, আমাদের অন্ন এবং জীববৈচিত্র্য আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সে কারণে উপজেলা প্রশাসন সব সময় এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।




























