
মো: একরামুল হক, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইট ভাটায় প্রশাসনের মোবাইল কোট, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন উপজেলা ইট ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ করে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ইট ভাটা মালিক সমিতির উপদেষ্টা মোশাররফ হোসেন আকন্দ, সভাপতি আবু হানিফ খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের ইটভাটায় কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দিয়ে আসছে।
এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ বা দায়দেনা করেছে। শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অঙ্কের টাকা ছয় মাস আগে প্রদান করা হয়েছে। এ সময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা। এতে জীবন–জীবিকা ব্যাহত হয়ে পড়বে বলে জানান তাঁরা। ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এ সময় বিভিন্ন ইটভাটার মালিক–শ্রমিকসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে, উপদেষ্টা, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।





























