
মোঃ রায়হান মাহামুদ :
গাজীপুরের কালীগঞ্জের জামালপুরে দৈনিক ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি ও কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাকারিয়া আল মামুনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন সাংবাদিক, বন্ধু মহল ও সুশীল সমাজের প্রতিনিধি। এ সময় তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল ওয়াহিদ রিংকু, বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি রেনু আক্তার, বন্ধু মহলের পক্ষ থেকে আজিজুর রহমান সুজনসহ অন্যান্য সাংবাদিকরা। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, গত ১১ সেপ্টেম্বর মাদকবিরোধী নিউজ কাভার শেষে কালীগঞ্জ থানা প্রেসক্লাবে ফেরার পথে সাংবাদিক জাকারিয়ার ওপর স্থানীয় মাদক ব্যবসায়ী ও ছাত্রদল নেতা মাহমুদুল ফাহিমসহ সন্ত্রাসীরা হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে।
এ ঘটনার পর আহত সাংবাদিকের খোঁজখবর নেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন, স্থানীয় বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ ও হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী আতাউর রহমান।
সাংবাদিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি করেছেন।





























