
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
শেরপুর পৌর এলাকার মোবারকপুরে মাল বেঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন ও অপর ১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা নামাপাড়া গ্রামের বাসিন্দা ইলিয়াস মেম্বারের ছেলে ইমরান (২০), একই গ্রামের বেলাল হোসেন ব্যাপারীর ছেলে আলআমিন (২২) এবং তৃতীয় লিঙ্গের ডিজে নামে এক হিজড়া।এ ঘটনায় আরও ২ জন গুরতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ ৪ জুন বুধবার রাত আনুমানিক ৯ টার দিকে পৌর এলাকার মোবারকপুর মহিষের বন নামক স্থানে জিহান ব্রিকস এর সামনের সড়কে শেরপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভারসাম্য হারিয়ে শ্রীবরদী গামী মালবোঝাই একটি ট্রাকের সামনে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আ: কাদের বলেন, আমরা ঘটনাস্থলে এসে একজন পুরুষ ও একজন তৃতীয় লিঙ্গের মরদেহ উদ্ধার করেছি। বাকি ৩ জন কে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।
এবিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নাদিম আনজুম সিয়াম জানান, চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক যুবক মারা যান এবং ঘটনাস্থলে আরোও দুজন মারা যান বলে আমরা জেনেছি ।





























