
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ নাজমা আক্তার রিতু হত্যা মামলায় পরকীয়া প্রেমিক লুৎফর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, রিতু ও লুৎফর রহমান সিদ্ধিরগঞ্জ এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন। ২০১৮ সালের ২২ জুন রিতুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান লুৎফর।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে প্রথমে রিতুর স্বামীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে তদন্তে প্রকৃত স্বামীর সম্পৃক্ততা পাওয়া যায়নি। পরে পুলিশ রিতুর কথিত স্বামী লুৎফরকে গ্রেফতার করে।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত লুৎফর রহমানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দণ্ডিত লুৎফর ও নিহত রিতু দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।





























