
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ সময় বিএনপির একপক্ষের কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে ছাত্রদলের কমিটি হওয়ায় একপক্ষ আনন্দ মিছিল বের করে। মিছিলটি সড়ক বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে থাকা অপরপক্ষের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
পরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষের নেতাকর্মীরা দলীয় কার্যালয় ও বিভিন্ন দোকানের ভেতর আটকা পড়েন। এ সময় অপরপক্ষ বিএনপি নেতা কবির আহমেদের অনুসারীরা ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেন।
প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুশফিকুর রহমানের পক্ষের নেতাকর্মীরা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসেন। কয়েক ঘণ্টাব্যাপী উত্তেজনা চলাকালে সড়ক বাজার, লালবাজার, রাধানগর এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।
জানা যায়, দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে পুলিশ মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেয়। ছুটে আসেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে বিল্লাল নামে এক পুলিশ সদস্য আহত হন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




























