
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক উন্নয়নের অগ্রাধিকার এবং বিদ্যমান তথ্য যাচাই-বাছাইয়ের লক্ষ্যে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আরসিআইপি) আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী সাবিনা সুলতানা। এতে আলোচক হিসেবে জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার (বেটস) গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার নির্ধারণ এবং জিআইএস প্রযুক্তির মাধ্যমে সড়কসংক্রান্ত তথ্য যাচাই ও হালনাগাদের বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট অংশীজনরা।
কর্মশালায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনগুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ এবং পরিকল্পিতভাবে সড়ক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শক সহায়তায় কর্মশালাটি আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চাটখিল, নোয়াখালী।



























