
জুয়েল হাওলাদার, শরণখোলা প্রতিনিধিঃ বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের মুক্ত করে ধানসাগর ইউনিয়নকে একটি শিশুবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি উদযাপন করা হয়েছে।১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শরণখোলা উপজেলার ১ নম্বর ধানসাগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত করার লক্ষ্যে চলমান বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে শিশুদের সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এসব সামাজিক সমস্যা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, অভিভাবক ও কমিউনিটির সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আসলাম হোসেন ফরাজী। এছাড়া বাধাল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, ধানসাগর পিএফএর প্রোগ্রাম অফিসার নুপুর ঘরামী সহ ধর্মীয় প্রতিনিধি মো. ঈদ্রিস আলী ও নির্মল বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধের পাশাপাশি প্রত্যেক শিশুকে বিদ্যালয়মুখী করা জরুরি। এ লক্ষ্যে ধানসাগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানের মাধ্যমে ধানসাগর ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চলমান উদ্যোগকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।




























