
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে এম এ মজিদকে নিয়োগ দেওয়ায় জেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রজ্ঞাপন জারির পরপরই তাঁর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। এ উপলক্ষে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হচ্ছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জেলা পরিষদের প্রশাসক হিসেবে এম এ মজিদের নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২(১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসক জেলা পরিষদ চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।এম এ মজিদ পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা জমির উদ্দিন এবং মাতা সালেমা খাতুন।প্রজ্ঞাপন প্রকাশের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা আনন্দ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে নতুন প্রশাসককে অভিনন্দন জানানো হয়।স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তানজিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয়েছে।



























