
শেরপুর প্রতিনিধি:
দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার বিকেলে শেরপুর জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত এক সমাবেশে মিলিত হয়।
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। দলটির এই অর্জন ও সাফল্যকে হিংসা করে ফ্যাসিবাদের দোসররা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং রাজপথে থেকে তা প্রতিরোধ করার হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন।
এছাড়াও সমাবেশে জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জলসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




























