
শাহিন মিয়া, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন অষ্টগ্রাম রোটারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ অনিক।
ছাত্ররাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরি, অভিজ্ঞ নেতাদের দিকনির্দেশনা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু পদ-পদবি নিয়ে বসে থাকলে একটি আদর্শ ছাত্রসংগঠন গড়ে তোলা সম্ভব নয়। সংগঠনকে শক্তিশালী করতে প্রয়োজন নিয়মিত সাংগঠনিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মোঃ অনিক নতুন প্রজন্মের নেতাকর্মীদের রাজনৈতিক শিক্ষা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সিনিয়র নেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি প্রশ্ন তুলে বলেন, আগামী দিনের ছাত্ররাজনীতির নেতৃত্ব দেওয়ার জন্য নতুনদের গড়ে তুলতে সংগঠনের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক আদর্শ সম্পর্কে নতুন কর্মীদের কতটুকু শেখানো হচ্ছে?
অনিকের ভাষ্য, যারা নতুন করে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়েছেন, তাদের অনেক কিছু শেখার বাকি। তাই তাদের নিরুৎসাহিত না করে অভিজ্ঞ নেতাদের উচিত সঠিক দিকনির্দেশনা দিয়ে পাশে থাকা।
এ লক্ষ্যে তিনি অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আওতাধীন সব ইউনিটের নেতাকর্মীদের নিয়ে প্রতি মাসে অন্তত একটি মতবিনিময় সভা কিংবা চা-আড্ডার আয়োজনের প্রস্তাব দিয়েছেন। সেখানে সাংগঠনিক আলোচনা, নতুনদের মতামত প্রকাশ, ভুল-ত্রুটি সংশোধন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ছাত্রদলকে একটি শিক্ষণীয়, আদর্শিক ও সুসংগঠিত পরিবার হিসেবে গড়ে তুলতে সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে।
বক্তব্যের শেষাংশে মোঃ অনিক বলেন, তারা পদ-পদবির রাজনীতি নয়, আদর্শ ও সাংগঠনিক শক্তির রাজনীতি চান। ভালোবাসা, বন্ধন ও ঐক্যের মধ্য দিয়ে এগিয়ে যাক অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল—এটাই তাদের প্রত্যাশা।
মোঃ অনিকের এই আহ্বানকে কেন্দ্র করে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুনদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।



























