
হুযাইফা হিজল,রায়গঞ্জ:
দীর্ঘ ছয় বছর ধরে ঘরবন্দী জীবন কাটানো ষাটোর্ধ্ব অসহায় কলিমুদ্দিনের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। গণমাধ্যমে তাঁর অসহায়ত্বের খবর প্রকাশের পর জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর উদ্যোগে তাঁকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান হুইলচেয়ারটি কলিমুদ্দিনের হাতে তুলে দেন। এ সময় রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
কলিমুদ্দিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কালীচরণ গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অসুস্থতা ও চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তাঁর। একা হাঁটতে গিয়ে পা ভেঙে যাওয়ার পর থেকে চলাফেরা করতে পারছিলেন না তিনি। আর্থিক সামর্থ্য না থাকায় প্রয়োজনীয় একটি হুইলচেয়ারও কিনতে পারেননি। ফলে দীর্ঘ ছয় বছর ধরে অনেকটা ঘরবন্দী জীবন কাটাতে হয়েছে তাঁকে।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত কলিমুদ্দিন বলেন, 'দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে পড়ে আছি। কোথাও যেতে পারতাম না। এখন হুইলচেয়ার পেয়ে চলাফেরার একটা অবলম্বন পেলাম। যারা আমার কষ্ট বুঝে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের জন্য দোয়া করি।'
কান্নাজড়িত কণ্ঠে তাঁর স্ত্রী রাবেয়া বেগম বলেন, 'স্বামীর কষ্ট দেখে অনেক দিন ধরে অসহায় বোধ করেছি। অভাবের কারণে একটি হুইলচেয়ার কিনে দিতে পারিনি। পুলিশের পক্ষ থেকে এটি পেয়ে আমরা অনেক খুশি। তাঁদের এই সহযোগিতা কোনো দিন ভুলব না।'
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, 'গণমাধ্যমে কলিমুদ্দিনের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তাঁর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। মানুষের কল্যাণে জেলা পুলিশের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।'
একটি হুইলচেয়ার কলিমুদ্দিনের দীর্ঘদিনের সব কষ্ট দূর না করলেও তাঁর চলার পথকে কিছুটা সহজ করবে। নতুন করে চলাফেরার স্বপ্ন দেখছেন তিনি ও তাঁর পরিবার।



























