
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে ১৩তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
২১ নভেম্বর (শনিবার) সকালে দক্ষিণ হাশিমপুর আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটে মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের আয়োজনে এ সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২ অক্টোবর ২০২৬ তারিখে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ২১ নভেম্বর সনদ, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মঞ্জুর মোরশেদ চৌধুরী, মাওলানা মুহাম্মদ আবুল মনছুর, মুহাম্মদ আবদুল করিমসহ বিভিন্ন শিক্ষাবিদ, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মো. নজরুল ইসলাম।
শিক্ষার প্রসার, মেধার যথাযথ মূল্যায়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার প্রত্যয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



























